Sylhet Today 24 PRINT

চারবার ব্যর্থ, জীবনসায়াহ্নে এসে জয় পেলেন বকুল

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ ডিসেম্বর, ২০২১

জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৯২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। পরাজিত হয়েছেন বারবার। তবু হাল ছাড়েননি। ২০১৬ সালের নির্বাচন বাদ দিয়ে পাঁচবার নির্বাচন করেছেন তিনি। অবশেষে ৭৫ বছর বয়সে এসে এবার জয়ের দেখা পেয়েছেন তিনি।

বলছি শহীদুল ইসলাম বকুলের কথা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। জীবনের শেষ ভোটের কথা বলে এবার তিনি ভোটারদের মন জয় করেছেন।

এলাকাবাসী ও ভোটাররা জানান, চিলাউড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বকুল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। চেয়ারম্যান হতে চারবার ব্যর্থ হওয়ার পর এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে সমর্থন পাননি।

এরপর স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হয়ে ভোটারদের কাছে জীবনের শেষ নির্বাচন বলে ভোট প্রার্থনা করেন। আর তাতেই তিনি সফল হন।

গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীকে ৫ হাজার ১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া পান ৩ হাজার ২৬৭ ভোট।

ইউনিয়নের বাসিন্দা আলেক মিয়া জানান, নির্বাচনের শুরুতে তিনি জীবনের শেষ নির্বাচন দাবি করে ভোট ভিক্ষা চেয়ে মানুষকে আবেগতাড়িত করেছেন। তা ছাড়া সালিসকারী হিসেবে তিনি উপজেলাজুড়ে পরিচিত। এলাকাবাসী সুখ–দুঃখে তাকে পান।

নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘পঞ্চমবারে সফল হলেও আমি এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ। প্রতিবারই জনগণ আমাকে সন্মানজনক ভোট দিয়েছেন। কিন্তু কালোটাকা ও ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.