সিলেটটুডে ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজারের উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক এমরান আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) নগরের জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজিদ খান।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে এই শোকসভায় সমিতির জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা দেশসেরা দুর্বার পোস্টার বিজয়ী শিক্ষক এমরান আহমদের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তার বিদেহ আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকসভায় এমরান আহমদের ছোট ভাই রোমান আহমদ শোকসভার আয়োজনের জন্যে তাদের পরিবারের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর এমরান আহমদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।