Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ, কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা

সিলেট জেলা বিএনপির জরুরী সভায় সিদ্ধান্ত

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০২১

সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অপশাসন রুখে দাড়াতে হলে শক্তিশালী তৃনমূল বিএনপির গড়ে তুলতে হবে। দলের সকল স্তরের ত্যাগী ও সক্রিয় নেতৃত্ব নির্বাচিত করার মাধ্যমে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে তৃনমূল বিএনপি গঠনের কাজ চলছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। স্বল্প সময়ের মধ্যে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন করা হবে। সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে দল পূনর্গঠনে আত্মনিয়োগ করতে হবে।

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে নগরীর যতরপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বেশকিছু সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় আগামী ৬ জানুয়ারী কোম্পানীগঞ্জ উপজেলা, ৮ জানুয়ারী কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শমসের আলমকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

উক্ত সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মঈনুল হক চৌধুরী চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.