Sylhet Today 24 PRINT

গাছ কেটে-পানির বিল বাড়িয়ে সমালোচিত সিসিক

ফিরে দেখা: ২০২১

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০২১

নির্বিচারে গাছ কাটা, পানির বিল দ্বিগুণ বাড়ানো, পুকুর ভরাট, অপরিকল্পিত ও অরক্ষিত উন্নয়নসহ নানা কারণে বছরজুড়ে নগরবাসী ক্ষুব্ধ ছিল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকাণ্ডে।

বছরের বিভিন্ন সময় নগরের রাস্তা খোঁড়াখুঁড়ি, সড়ক সংস্কার, ড্রেন নির্মাণের কাজ চলেছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। আম্বরখানা এলাকায় খোলা ড্রেনে পড়ে কবি বাছিত মোহাম্মদের মৃত্যু এ বছর আদালত পর্যন্ত গড়িয়েছে।

সড়ক সম্প্রসারণের জন্য গত অক্টোবরে নগরের শাহজালাল উপশহর এলাকার দুই শতাধিক গাছ কাটা হয় বন বিভাগের অনুমতি ছাড়া। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পরিবেশকর্মীরা।

গত ১ জুলাই থেকে পানির বিল দ্বিগুণ করে দিয়েছে সিটি করপোরেশন। তবে তা জানাজানি হয় সেপ্টেম্বরে।

করোনাকালের অর্থনৈতিক সংকটের মধ্যে এমন সিদ্ধান্তে নগরবাসী প্রতিবাদ জানিয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ক্ষোভের মুখে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।

তবে চলতি বছর সিটি করপোরেশনের কিছু কাজ প্রশংসিতও হয়েছে। এর মধ্যে আছে বন্দরবাজার-চৌহাট্টা সড়ক সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন এবং এই সড়ক থেকে ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে লালদীঘির পাড় মাঠে পুনর্বাসন। যদিও বছর শেষে পুনর্বাসন কেন্দ্র ছেড়ে ফের সড়ক ও ফুটপাত দখল করে নিয়েছে হকাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.