নিজস্ব প্রতিবেদক | ০১ জানুয়ারী, ২০২২
দেশের নৌপথগুলো সচল করে পন্য পরিবহনের জন্য ভারতের সাথে নৌ যোগাযোগ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এক আব্দুল মোমেন।
শনিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নদীপথে পণ্য আনা নেয়া সহজ, খরচও কম। একসময় সিলেট থেকে সরাসরি কলকাতা ও দিল্লীতে নৌ পথে পণ্য আনা নেয়া হত। ভারতের সাথে আমাদের কথাবার্তা চলছে। নৌপথগুলো সচল করে সারা ভারতের সাথে নৌপথে যোগাযোগ স্থাপন করতে চায় সরকার।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্টানে মন্ত্রী আরও বলেন, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচীতে সরকার এক লক্ষ ৩শ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করছে। যা চলতি অর্থবছরের মোট বাজেটের ৩.১১ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে সামাজিক নিরাপত্তা সেবা উপকারভোগীদের কাছে পৌছানো হচ্ছে।
নগর ভবন প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্টানে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ১১ হাজার ৭০ টি কম্বল বিতরণ করা হবে। আজ এর উদ্বোধন করেন মোমেন।
এসময় তিনি আরও বলেন, সড়ক পথ, রেল পথ এবং আকাশ পথের উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বান্ধব অবকাঠামো নির্মান করতে পারলে সিলেটকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, দল মতের উর্ধ্বে উঠের সিলেটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট মহানগরে ২ হাজারেরও বেশি বস্তি রয়েছে। এসব এলাকায় স্বল্প আয়ের মানুষের বসাবাস দিনে দিনে বাড়ছে। সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচীর আওতায় মহানগর এলাকায় আরো বেশি বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।