Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০১ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. সুমন মিয়া। সে উমেদনগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া সুমন শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী। গোপন সূত্রে খবর পেয়ে উমেদনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

‘‘বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।’’

গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় সাইফুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত সাইফুলের বাড়ি মাধবপুর উপজেলার মনতলা গ্রামে।

ঘটনার দিন সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমিন উদ্দিন জানিয়েছিলেন, মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল রোড এলাকা থেকে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন সাইফুল। সে সময় একদল লোক রিকশার পথরোধ করে তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাইফুল মারা যান।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.