Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শীতের আমেজ, ফুটপাতের দোকানে বাড়ছে ভিড়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ০২ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতে অনুভূত হচ্ছে। সেজন্য পৌরবাসীবাসীর মধ্যে শুরু হয়েছে শীতের প্রস্তুতি। অনেকে এখন শীতবস্ত্রের কেনাকাটা শুরু করেছেন। শহরের ফুটপাতে পুরাতন কাপড়ের  দোকানগুলোতে বাড়ছে ভিড়।

এদিকে শীতের প্রস্তুতি হিসেবে জগন্নাথপুর বাজারের পয়েন্টসহ বেশ কিছু স্থানে ফুটপাতে ভ্যানগাড়ি ও রাস্তার পাশে দিয়ে, পুরাতন গরম কাপড় বিক্রি করা হচ্ছে।

শীতের তীব্রতা বাড়ায় জমে উঠেছে দোকানগুলো। কিন্তু গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি। তিন থেকে ৪'শ টাকায় বিক্রি হচ্ছে এসব গরম কাপড়। শীত বাড়লে দাম আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা।

রোববার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ফুটপাতের এসব দোকানের বেশির ভাগ ক্রেতাই দরিদ্র। তাদের অধিকাংশই দিন আনে দিন খায়। তবে অনেক সময় উচ্চবিত্ত ক্রেতাদেরও দেখা মেলে এসব দোকানে।

জগন্নাথপুর বাজারে পুরাতন কাপড় বিক্রেতা মহিববুর রহমান  জানান, প্রতিবছরই এই সময়ে শীতের কাপড় বিক্রি করেন তিনি। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে বেচাকেনা। সাধারণত যারা নামীদামী মার্কেট থেকে গরম কাপড় কিনতে পারেনা তারাই ভিড় জমায় তার দোকানে। শীত যত বাড়ে ব্যবসা ততো ভালো হয়।

শহরের পৌরসভার পয়েন্টের ব্যবসায়ী মো. রাসেল জানান, পুরাতন কাপড়ের বেল কেনা হতো যে দামে, এ বছর তার দাম বেড়েছে অনেক। বেলের ভেতর অনেক কাপড় আবার নষ্ট থাকে। এসব কারণে এবার গরম কাপড়ের দাম একটু বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.