Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে হাসন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ০২ জানুয়ারী, ২০২২

মরমী কবি দেওয়ান হাসন রাজার ১৬৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে হাসন রাজা ট্রাস্টের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিনব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে।

প্রতিযোগিতায় হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- হাসন রাজা ট্রাস্টের সাধারণ সম্পাদক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, জেলা শিল্পকলা একাডেমি সহ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী, অঞ্জন চৌধুরী, সংগীত শিল্পী রূপশ্রী রায়, সোমা সাহা, মো. সোহেল রানা ও অ্যাডভোকেট মাহবুবুল হক শাহীন, হাসন রাজার জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক দেওয়ান গিয়াস চৌধুরীসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

প্রতিযোগিতায় হাসন রাজার গান, গানের সাথে নৃত্য ও হাসন রাজার সৃষ্টিকর্ম নিয়ে চিত্রাঙ্কন বিষয়ে সুনামগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানসহ দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, ‘আমরা প্রত্যেক বছর এই প্রতিযোগিতার মাধ্যমে চেষ্টা করি নতুন প্রজন্মর সামনে হাছন রাজার সৃষ্টিকর্ম তুলে ধরতে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধভাবে হাছন রাজার গান গাওয়ার চেষ্টা করে। ট্রাস্ট প্রতিবছর আয়োজন করছে। সামনেও পরিবারের নিজস্ব অর্থায়নে আরও আয়োজন করবে। তবে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান, হাছন রাজার সৃষ্টিকর্মকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একাডেমির বিকল্প নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.