Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে নৌকাডুবির ৫ দিন পর পাথর শ্রমিকের লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জের দলাই নদীতে পারাপারের নৌকাডুবির পর নিখোঁজ রফিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তির লাশ ৫ দিন পর ভেসে উঠেছে। তিনি স্থানীয় কালাইরাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার এসআই শাহাব উদ্দিন জানান, নিহত রফিক মিয়া পেশায় একজন পাথর শ্রমিক। গত ১ জানুয়ারি সকাল সাড়ে ৬ টায় পারাপারের নৌকায় দলাই নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকাতে পানি উঠে ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও রফিক মিয়া নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

এসআই সাহাব উদ্দিন জানান, লাশ উদ্ধারের পর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.