Sylhet Today 24 PRINT

পৌরসভা নির্বাচন: চুনারুঘাটে ২ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৫

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়ন যাচাই বাছাইয়ের ১ম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন উপজেলা জামায়াতের নায়াবে আমীর মীর সাহেব আলী যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন, অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী এস কে ইফতেখারুল গনি।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাশহুদুল কবির জানান, স্বতন্ত্র প্রার্থী মীর সাহেব আলী তার সমর্থকদের যে তালিকা দাখিল করেছেন তাদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। সমর্থকের জাল স্বাক্ষরের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এস কে ইফতেখারুল গনি’র দাখিলকৃত সমর্থকদের তালিকার এক পৃষ্ঠায় তিনি নিজে স্বাক্ষর করেননি। ফলে তার দাখিলকৃত সমর্থকদের মধ্যে ৯৭ জনের স্বাক্ষর গ্রহণ করা হয়। সমর্থকের শর্ত পূরণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগামী ৩ দিনের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা জেলা প্রশাসক বরাবরে আপীল করতে পারবেন।
এ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২ জনের মনোনয়ন চূড়ান্ত ভাবে বাতিল হলে ভোটযুদ্ধ হবে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.