Sylhet Today 24 PRINT

পানির বিল কমিয়েছে সিলেট সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক |  ১২ জানুয়ারী, ২০২২

গত বছরের জুলাই থেকে পানির বিল বাড়িয়ে দেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ নিয়ে গত ৪ মাস গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করে। নগরবাসী করেছেন প্রতিবাদ সভা ও মানব্বন্ধনও। অবশেষে পানির বিল কমিয়ে এনেছে সিসিক।

বুধবার (১২ জানুয়ারি) সিসিক পরিষদের এক বৈঠকে টাকা কমিয়ে নতুন বিলের প্রস্তাব করা হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর সম্মতির ভিত্তিতে পরে সেটি চূড়ান্তও করা হয়।

সভা সূত্রে জানা যায়, তিন ক্যাটাগরিতে ৪ স্তরের ডায়ামিটারে ১শ থেকে ৫শ টাকা পর্যন্ত কমানো হয়েছে পানির বিল।

বিল কমানোর বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, আজ (বুধবার) দুপুরে পরিষদের এক জরুরি বৈঠকে পানির বিল কমানোর প্রস্তাব করা হয় এবং সিদ্ধান্তটি চূড়ান্তও করা হয়। তবে যে মাসগুলোতে বাড়িয়ে বিল দেওয়া হয়েছিলো সেগুলোও সমন্বয় করা হবে।

সিসিকের নতুন বিলের হার হচ্ছে, আবাসিক সংযোগে প্রতি মাসে আধা ইঞ্চি ডায়ামিটারের (ব্যাস) লাইনে বিল ৩০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিলো ৫০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৬০০ টাকা (ছিল ৮০০ টাকা) এবং এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ২শ টাকা (ছিল ১ হাজার ৫শ টাকা টাকা)।

বাণিজ্যিক সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিলো ৮০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ১০০ টাকা (ছিল ১২০০ টাকা) ও এক ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ২ হাজার টাকা (ছিল ২ হাজার ২০০ টাকা)।

প্রাতিষ্ঠানিক সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিলো ৮০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ১০০ টাকা (ছিল ১২০০ টাকা) ও এক ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ২ হাজার ৫ শ টাকা (ছিল ৩ হাজার টাকা।)

এছাড়া সরকারি সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিলো ৮০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ১০০ টাকা (ছিল ১২০০ টাকা) ও এক ইঞ্চি ব্যাসের লাইনের ক্ষেত্রে মাসিক বিল ১ হাজার ২০০ টাকা (ছিল ১ হাজার ৫০০ টাকা)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.