সিলেটটুডে ডেস্ক | ০৫ ডিসেম্বর, ২০১৫
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে বাংলাদেশি যুবক বাছন মিয়া (২৭) খুন হন গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)। তাঁর বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে। তিনি মৃত ওয়াতির আলীর ছেলে। বাছন মিয়ার পরিবার সূত্রে জানা গেছে ৬ ডিসেম্বর (রোববার) তাঁর লাশ আসবে।
গত ৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা লেবফোরটিস্থ শহরের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের মত কাজ সেরে বাসায় যান। কিন্তু রাতে তার ঘরে ঢুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত বাছন মিয়া দীর্ঘ ৮ বছর ধরে আফ্রিকার লেবফোরটি শহরে একটি ভুষিমালে দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।
এ দিকে বাছন মিয়ার মৃত্যুতে দেশে তাঁর পরিবার শোক স্তব্ধ হয়ে পড়েছেন। ৮ ভাই বোনের মধ্যে বাছন সবার ছোট। তিনি ২০১২ সালে দেশে এসে বিয়ে করেছিলেন। স্ত্রী ছাড়াও তার দু’বছরের একটি ছেলে রয়েছে। আগামী ৭ ডিসেম্বর আবার দেশে আসার কথা থাকলেও এবার একদিন আগেই তাকে লাশ হয়ে দেশে আসতে হচ্ছে।