Sylhet Today 24 PRINT

তাহিরপুরে চেয়ারম্যান পদে বিশ্বজিৎ সরকরের মনোনয়ন জমা

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ১৩ জানুয়ারী, ২০২২

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার।

বুধবার দুুপুরে মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে তাহিরপুর উপজেলা নির্বাচন অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার রায়ের কাছে নিজের মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় তার কর্মী ও সমর্থকরা জানান, বিশ্বজিৎ সরকার বিগত সময়েও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে গ্রামীণ সড়কের উন্নয়নের পাশাপাশি ইউনিয়নের অবকাঠামো উন্নয়নে বিরাট ভূমিকা পালন করেছেন। তার সময়ে ইউনিয়ন পরিষদের এসে জন্ম ও মৃত্যু সনদ নিতেও সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হয়নি। তার সমর্থকরা মনে করেন বিশ্বজিৎ সরকার আবারও বিজয়ী হলে ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ সরকারের ভাগিনা আকাশ তালুকদার বলেন, ‘নৌকা পেতে আমাদের ইউনিয়নের অনেকে দৌঁড়ঝাপে ছিলেন অনেকে উনাকে খারাপ দেখিয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আসতে চেয়েছিল। কিন্তু দল সবকিছু যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তির হাতেই নৌকার কার্ড দিয়েছে।’

বিশ্বজিৎ সরকার বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি এর আগেও আমার ইউনিয়নের মানুষের সেবা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। বিগত সময়গুলোতেও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানুষজন আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তারই ধারাবাহিকতা ধরে রেখে সামনে নির্বাচনে আমি সকলের কাছে ভোট চাই।’

দলের কর্মীরা পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমার ইউনিয়নে বিদ্রোহী কোনো প্রার্থী দাঁড়িয়েছে, সেটি আমার এখনো জানা নেই। তবে দলের প্রতিটা মানুষ সিনিয়র নেতারা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারাও আমার পাশে রয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.