Sylhet Today 24 PRINT

সিলেটে বিধিনিষেধ পালনে আগ্রহ নেই

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ রোধে সিলেটে বিধিনিষেধ শুরুর দিনে তা পালনে আগ্রহ নেই জন সাধারণের। নিয়ম মেনে অনেকেই নিজেদের সঙ্গে মাস্ক রাখলেও সেই মাস্কের ঠাঁই হয়েছে থুতনি কিংবা গলায়। কেউ কেউ আবার মাস্ক খুলে বুকপকেটে রেখে দিয়েছেন।

অমিক্রনের সংক্রমণ রোধে গত সোমবার সার্বিকভাবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ। এতে জনসমাগমস্থলে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে এ বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কাঁচাবাজার, মার্কেট, শপিংমল, বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে সেই বিধিনিষেধ ভঙ্গের বেশকিছু চিত্র।

সকালে নগরের কদমতলী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বাসের চালক ও সহকারীর অধিকাংশের মুখে মাস্ক নেই। মুখের মাস্ক থুতনিতে নামিয়ে কিংবা খুলে রেখে কেউ পান চিবচ্ছেন, কোনো চালক আবার সিগারেট টানছেন। চালকের সহকারীরাও মুখ থেকে মাস্ক খুলে সেটা হাতে নিয়ে যাত্রীদের ডাকাডাকি করছেন। বাসের যাত্রীদেরও একই অবস্থা।

এদিকে নগরের কাঁচাবাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে গোটা বাজার মুখরিত। কিন্তু হাতে গোনা দু’চারজন ছাড়া কারও মুখে নেই মাস্ক। ক্রেতাদের মধ্যে দু’চারজন যারা মাস্ক পরে এসেছেন অবস্থাদৃষ্টে মনে হয় এ স্থানটিতে তারা বেমানান! বয়োবৃদ্ধ অনেক বিক্রেতাকেও মাস্ক পরিধান না করেই জনসমাগমে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের অনেকেই মাস্ক পরিধানের ব্যাপারে সরকারি নির্দেশনা সম্পর্কে জানেন-ই না। কেউবা জানলেও মাস্ক পরা প্রয়োজন বলে মনে করছেন না।

এছাড়া হোটেল-রেস্তোরাঁসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরার নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। আর নিরাপদ দূরত্ব বজায় রেখেও চলাফেরা করছেন না কেউই।

এদিকে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ মোকাবিলায় সরকারের দেয়া ১১ দফা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে প্রশাসনের প্রতি নির্দেশ দেয়া হলেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি সিলেটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.