Sylhet Today 24 PRINT

৬ ডিসেম্বর বড়লেখা মুক্ত দিবস

তপন কুমার দাস, বড়লেখা |  ০৬ ডিসেম্বর, ২০১৫

৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা মুক্ত দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমে বড়লেখাবাসী জেগে উঠে রণ হুঙ্কারে। প্রায় ৩২৫টি গ্রাম যেনো প্রতিরোধের এক একটি দুর্গে পরিণত হয়।

জানা গেছে, বড়লেখা থানাটি ৪ নম্বর সেক্টরের অধীনে ছিলো। মেজর সি আর দত্ত সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন। এ সেক্টরের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় ভারতের করিমগঞ্জে প্রয়াত এমপি দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে। বড়লেখা থানার পার্শ্ববর্তী বারপুঞ্জি ও কুকিরতলে সাব-সেক্টর স্থাপন করা হয়। হানাদারদের বিরুদ্ধে অসংখ্য ছোট বড় আক্রমণ চালিয়েছে এ সাব-সেক্টরের মুক্তি সেনারা। যুদ্ধের সূচনাতেই বড়লেখার বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলে বড়লেখাবাসী।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল হানাদাররা বড়লেখা ছাড়তে বাধ্য হয়। ৬ ডিসেম্বর ভোরে বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। পরে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ করা হয়।
বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধে যেসব রাজাকার, আলবদর ঘরবাড়ি

জ্বালিয়েছে, মা-বোনের সম্ভ্রম হানি করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে-তাদের বিচার বাংলার মাটিতে হচ্ছে। সকল যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে করে জাতিকে অবশ্যই অভিশাপ মুক্ত করতে হবে।’   
এদিকে ৬ ডিসেম্বর বড়লেখা মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড আলোচনা সভার আয়োজন করেছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.