Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ইটের আঘাতে যুবক নিহত, আটক ৮

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০২২

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসির কোনাপাড়া গ্রামের ইসমাইল আলীর পুত্র আব্দুল হাসিব (৪০)। এ ঘটনায় জড়িত থাকা সন্ধেহে ঘটনাস্থল থেকে ৮জন ড্রেজার শ্রমিককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীতে বৃহস্পতিবার দিবাগত রাত  ১টার দিকে মাছ শিকারের ফাঁকে ড্রেজার শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয় জেলে আব্দুল হাসিবের। একপর্যায়ে ড্রেজার শ্রমিকদের ইটের আঘাতে আব্দুল হাসিব পানিতে পড়ে যান। রাতভর তার লাশ খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে বিয়ানীবাজার থানা পুলিশ তার উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিহত হাসিবের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় ৮ ড্রেজার শ্রমিককে আটক করা হয়েছে। এখনো থানায় কেউ এজাহার দায়ের করে নি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.