Sylhet Today 24 PRINT

মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি আ.লীগ নেতার, পরে দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০২২

মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে আওয়ামী লীগ নেতা শামীম আহমদ

কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি খুলে না দিলে মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- এমন হুমকি দিয়ে পরে দুঃখপ্রকাশ করেছেন এক আওয়ামী লীগ নেতা।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেওয়া ওই আওয়ামী লীগ নেতা হচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

গত শুক্রবার উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী আলকাছ আলীর সমর্থনে আয়োজিত সমাবেশে এ হুমকি দেন তিনি। এক দিন পর শনিবার থেকে ভিডিওটি ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। এরপর শনিবার রাত ১০টার দিকে তিনি ফেসবুকে এক পোস্ট দিয়ে দুঃখপ্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সভায় শামীম আহমদ বলছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দিলে মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে আলোচনা করে কোম্পানীগঞ্জের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। ...যদি মন্ত্রী পাথর কোয়ারি খুলে না দেন তাহলে সবাই মিলে মন্ত্রীকে কোম্পানীগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করব।’

ওই সময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার ওই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এর জন্য ক্ষমা চান তিনি। পোস্টে তিনি লেখেন- ‘সম্মানিত কোম্পানীগঞ্জ উপজেলাবাসী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গতকাল নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় আমার বক্তব্যে ভুলক্রমে একটি কথা চলে আসছে যাহা সম্প‍ূর্ণভাবে আমার অনিচ্ছায়, এজন্যই আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমার এই ভুল বক্তব্যকে ভুল হিসেবে বিবেচনা করবেন।'

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ভোটগ্রহণ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.