Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গৃহবধূকে অপহরণের পর ‘সংঘবদ্ধ ধর্ষণ’

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০২২

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জে গৃহবধূ (৩৮) কে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি (শুক্রবার) রাতে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের একজন গৃহবধূকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা দুই রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। সেই সাথে এই গৃহবধূকে তারা বিভিন্ন ভাবে নির্যাতন করে ফেলে রেখে যায়।

এরপর ১৬ জানুয়ারি (রোববার) সকাল ৬টায় এলাকাবাসী ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী মেহের গ্রামের একটি স্থানে উলঙ্গ ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে পরিবারে সদস্য ও পুলিশের সহযোগিতায় গৃহবধূকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, নির্যাতনে শিকার গৃহবধূ পনাইরচক গ্রামের মুছন আলীর বাড়ির স্বামী সহ  বসবাস করে আসছিলেন।

ভুক্তভোগীর বড়ভাই জানান, আমার বোন খুবই সহজ সরল। গত ১৪ জানুয়ারি রাতের কোন এক সময় দুর্বৃত্তরা আমার বোনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর দুইদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণসহ অমানবিক নির্যাতন চালায়। এরপর মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। আমার বোন খুব মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রয়েছে৷ যারা এমন কাজ করেছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পর  ভিকটিমের বড় ভাই একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও আমি ভিকটিমকে হাসপাতালে দেখে এসেছি। পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি দেখছে  এবং এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে এই নির্মম ঘটনার প্রতিবাদে ও এর সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার রাত সাড়ে ৮টায় পনাইরচক গ্রামে এ প্রতিবাদ সমাবেশে

এলাকার বিশিষ্ট মুরব্বি পাকি মিয়ার সভাপতিত্বে ও মিজানুর রহমান দুদুর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আতিকুর রহমান, আজিজুল হোসেন, বিশিষ্ট মুরব্বি আব্দুল কাইয়ুম, চুনু মিয়া, আব্দুর রহমান, ইউপি সদস্য জায়দুর রহমান, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান, ইউপি সদস্য দুদু মিয়া বঁধু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছির উদ্দিন জাবলু, সাবেক মেম্বার আমিরুজ্জামান বাবুল।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পনাইরচক গ্রামে বিগত দিন এমন অমানবিক ঘটনাটি কখনো ঘটেনি। যে নরপশুরা এমন ঘৃণিত কাজের সাথে জড়িত তাদের বের করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার প্রায় ৯দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার ভিতরে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার না করলে এলাকাবাসী কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.