Sylhet Today 24 PRINT

সিলেটে শ্রমিকভর্তি পিকআপ ভ্যান খাদে, নিহত এক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০২২

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (২২) সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার কামারটিলার মৃত কালা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সকালে নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে বাদাঘাটের দিকে যাচ্ছিলেন। তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচর এলাকায় যাওয়ার পর পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে রুবেল মিয়াসহ অন্তত ৪ জন শ্রমিক আহত হন।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় রুবেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.