Sylhet Today 24 PRINT

জুড়ীতে মহিষ ধরে ব্যাটালিয়নে পাঠালো বিজিবি

জুড়ী প্রতিনিধি: |  ২৮ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভারত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি বৃহস্পতিবার ভোররাতে ৩টি ভারতীয় মহিষ ও ১টি গরু উদ্ধার করে। কিন্তু ৩টি মহিষ উদ্ধার করলেও বিজিবি কাস্টমসে মহিষ জমা দেয় ২টি। একটি মহিষ বিজিবির ৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। বিজিবির বিরুদ্ধে এরকম অভিযোগ এই প্রথম নয়। এরআগেও একাধিকবার কাস্টমসে জমা না দিয়ে উদ্ধার মহিষ কিংবা গরু গায়েব করার অভিযোগ ওঠে বিজিবির স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার শিলুয়া ও মোকামবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ মহিষ এবং গরুর চালান প্রবেশের গোপন সংবাদে মোকামবাড়ি বিজিবি সদস্যরা বৃহস্পতিবার ভোরে তিনটি মহিষ, একটি গরু আটক করে ক্যাম্পে নিয়ে যায়। দুপুরের দিকে বিজিবি সদস্যরা বড় একটি মহিষ কাস্টমসে জমা না দিয়ে একটি পিকআপ ভ্যানে করে বিজিবি ৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নে পাঠিয়ে দেয়। স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের আটক মহিষ ও গরুর নিলাম কাজ স্পটে সম্পাদন করার নিয়ম রয়েছে। ব্যবসায়ীরা তিনটি মহিষ ও একটি গরু নিলামে বিক্রির খবর পেয়ে মোকামবাড়ী ক্যাম্পে গিয়ে দুইটি মহিষ এবং একটি গরু দেখে বিস্মত হন। এ নিয়ে ব্যবসায়ী ও বিজিবির ক্যাম্প কমান্ডারের মধ্যে মতানৈক্য দেখা দিলে সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা নিলাম বাতিল করে ফিরে যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম চৌধুরীসহ অনেকেই জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে ৪০-৫০টি অবৈধ মহিষের চালান বাংলাদেশে প্রবেশ করে। মোকামবাড়ি বিজিবি সীমান্ত এলাকা থেকে বিজিবি ৩টি ভারতীয় অবৈধ মহিষ আটক করে। কিন্ত ক্যাম্পে ২টি মহিষ নিলামের জন্য রেখে বড় মহিষটি বিয়ানীবাজার ব্যাটালিয়নে পাঠিয়ে দিয়েছে। যার বাজার মূল্য দেড় লাখের মতো হবে।
 
এদিকে একই দিন শিলুয়া বিজিবি সীমান্ত এলাকা থেকে ৪টি ভারতীয় মহিষ আটক ও একটি বাজাজ মোটরসাইকেল  (মৌলভীবাজার-ল-১১-০৬৫১) জব্দ করে। বিকেলে ক্যাম্পে মহিষগুলো নিলামে ৩ লাখ টাকায় বিক্রি করে জুড়ী কাস্টমস কর্তৃপক্ষ। আটক মোটরসাইকেল কাস্টমসে জমা দেয় বিজিবি। এছাড়া শুক্রবার সকালে জুড়ী থানায় পুলিশের আটক করা দুইটি ভারতীয় অবৈধ মহিষ নিলাম করে কাস্টমস।

আটক বড় একটি মহিষ ব্যাটালিয়নে পাঠিয়ে দেওয়ার বিয়য়ে জানতে চাইলে বিজিবির মোকামবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার সোলেমান বলেন, আমি কোনা বক্তব্য দেব না। বিস্তারিত জানতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।

জুড়ী কাস্টমস অফিসের সহকারী কর্মকর্তা সজিব পাল জানান, মোকামবাড়ি ক্যাম্পে ২টি ভারতীয় অবৈধ মহিষ ও একটি গরু নিলামের জন্য সিজার লিস্ট পান। বিজিবি ও ব্যবসায়ীদের মধ্যে মতানৈক্য দেখা দিলে তিনি নিলাম কাজ বন্ধ করে ফিরে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.