Sylhet Today 24 PRINT

শিগগিরই সিলেটে ওয়াসা প্রতিষ্ঠা করা হবে

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২২

সিলেট মহানগরীর পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে শিগগির সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

রোববার ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (সিলেট ওয়াসা) গঠনের কার্যক্রম গ্রহণ বিষয়ক অনলাইন পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। জনসংখ্যা ও শহর বিস্তৃতির কারণে নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দিতে হবে। মহানগরীর জনগণের জন্য পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তাজুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে সিলেট ওয়াসা গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুতই সিলেটে ওয়াসা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশ সারফেস ওয়াটার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশ এর আগেই লক্ষ্যমাত্রা অর্জন করবে।

সভায় যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটে আগের তুলনায় জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই এখানে একটি ওয়াসা প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এ উপলব্ধি থেকে সিলেট ওয়াসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় আমি স্থানীয় সরকারমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.