নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারী, ২০২২
শিল্প কারখানার বর্জ্যের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে হবিগঞ্জের সুতাং ও সোনাই নদীর পানি। বিষাক্ত হয়ে পড়ায় এই দুই নদীর পানি থেকে দুর্গন্ধ ছড়ায় সবসময়। এতে অসুস্থ হয়ে পড়ছেন এই দুই নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। বিপাকে পড়েছে নদী তীরের কৃষক পরিবারগুলো।
নদীগুলোর এই অবস্থা সরেজমিনে তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালকের কাছে অনুরোধ জানিয়েছে ‘বিশ্ব সিলেট সম্মেলন কমিটি’। সোমবার বিশ্ব সিলেট সম্মেলন কমিটির সহ সভাপতি অধ্যাপক ডা. জিয়া উদ্দীন আহমদ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচল বরাবরে প্রেরিত এক চিঠিতে এ আহ্বান জানান।
চিঠিতে জিয়া উদ্দীন আহমদ উল্লেখ করেন, সিলেট বিশ্ব সম্মেলন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বৃহৎ সিলেটের একটি আন্দোলন যার মাধ্যমে সিলেটের উন্নয়ন ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশের সহযোগি হিসেবে সম্মেলনের মাধ্যমে কর্মসূচী গ্রহণ করা হয়। বিশ্ব সিলেট সম্মেলন ২০২১ ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে হবিগঞ্জের পরিবেশ বিষয়ে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে জানা যায় যে, হবিগঞ্জ এলাকার শিল্প নগরীর বর্জ্য দ্বারা সুতাং ও সোনাই নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে। পানির দুর্গন্ধে নদী তীরবর্তী জনগন অসুস্থ হয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। বারবার এ ব্যাপারে আপত্তি উঠলেও কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এমন কার্যক্রম কেবল বেআইনী নয়, মারাত্মক অপরাধও। বিষয়টি জরুরী ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ ৩ লাখ পরিবারকে রক্ষা করতে পারে।