Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভোক্তা আইনে চার প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২২

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেস্টুরেন্ট, ফার্মেসিসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে র‍্যাব-৯ ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন।

এই তদারকি অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা, ঔষধের মূল্য মুছে ফেলে অতিরিক্ত দামে ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত রাঁধুনি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, পানাহার রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মাহিমা মেডিকেল হলকে ১ হাজার টাকা, মেসার্স মাহিম মেডিকেয়ারকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। 

সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.