Sylhet Today 24 PRINT

সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২২

মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে।

তবে প্রাণীর মৃত্যুর পেছনে সংশ্লিস্ট কারো ত্রুটি বা অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার দুপুরে সিলেট জেলা দুগ্ধ খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই সময়ে মানুষের মত প্রাণীরাও নতুন নতুন রোগ সংক্রমিত হচ্ছে, প্রাণী মারা যাচ্ছে। ময়না তদন্তের রিপোর্টে রোগ সংক্রমনের বিষয়টি উঠে এসেছে। একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে- সংক্রমণে এসব প্রাণী মারা গেছে। খতিয়ে দেখা হচ্ছে, যেসব রোগে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণের বাইরে কি না। বেঁচে থাকা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী।

তিনি বলেন, যে সকল বিদেশি প্রাণী আনা হয়, সে দেশের জলবায়ু কিংবা থাকার জায়গা আমাদের দেশের মতো না। এছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণু সংক্রমণও হয়।

নগরের টিলাগড়ে অবস্থিত জলা দুগ্ধ খামার শেষে ওই এলাকায় ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মন্ত্রী।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মােহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘােষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মাে. জাহাঙ্গীর আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাে. রুস্তম আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.