Sylhet Today 24 PRINT

সিলেটে শিশু হত্যা: মাকে আসামি করে বাবার মামলা

নিজস্ব প্রতিবেদক |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

শিশু সাবিহার মা নাজমিন আক্তার (২৮)

সিলেটে শ্বাসরুদ্ধ করে এক বছর ৫ মাস বয়সী শিশু হত্যার ঘটনায় মা নাজমিন আক্তারের (২৮) বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় এই হত্যা মামলা দায়ের করেন শিশুটির বাবা সাব্বির হোসেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সিলেটটুডে ২৪ কে এ তথ্য নিশ্চিত করেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

এদিকে নাজমিন আক্তার এখনো পুলিশের শাহপরান থানা পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাকে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্য আমারা আদালতে তুলছি।

নাজমিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাদেপাশা ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি সিলেটের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। গতকাল বুধবার নিজের গর্ভে ধরা ১৭ মাস বয়সী সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। বুধবার সকালে সিলেট নগরের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে স্বামীর সাথে বিরোধের জেরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করে নিয়েছেন তিনি। পরে মেয়ের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। গতকাল বিকেলে হাসপাতাল থেকে নাজমিনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। একই সময় নাজমিনের স্বামী সাব্বির হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার গোলাপগঞ্জ এলাকার নাজমিনের সাথে দক্ষিণ সুরমার বদলি এলাকার সাব্বির হোসেনের বিয়ে হয় ২০১৫ সালে। বিয়ের পর থেকে তারা শাহপরান এলাকায় থাকেন। নাজমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ও তার স্বামী কাতার প্রবাসী।

এর আগেও একটি বিয়ে হয়েছিল নাজমিনের। সেই সংসারে তার একটি সন্তান রয়েছে। এদিকে পারিবারিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে তার মা নাজমিন হত্যা করেন জানিয়েছে পুলিশ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.