Sylhet Today 24 PRINT

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফলের লক্ষ্যে মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য অধ্যপক ডা. মোয়াজেম হোসেন খান বলেছেন, বাংলাদেশের জনগণ মুক্তি চায়, জানমালের নিরাপত্তা চায় কিন্তু আল্লাহর দেয়া বিধি বিধান মানতে চায় না। যার কারণে দেশের রাজনীতি ও অর্থনীতি এখন চরম সংকটের মধ্যে নিপতিত। রাজধানী থেকে শুরু করে মফস্বল শহর পর্যন্ত আজ রাজনৈতিক সহিংসতা চলছে। স্বাধীনতার ৪৩ বছরে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশের জনগণ রাজনীতিতে আমুল পরিবর্তন চায়, দেশের মধ্যে জঙ্গি দমনের নামে ইসলাম ও মুসলমানদের ধ্বংসের পায়তারা চলছে। গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে না।

প্রচলিত মানব রচিত সংবিধান দ্বারা দিন দিন অশান্তির দাবানল জ্বলছেই, পুজিবাদী ও সমাজতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। একের পর এক খুন, গুম ও অপহরণ নিয়ে বিভিন্ন দল ও দেশী-বিদেশী মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করলেও সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। চরিত্রবান নেতা ও নীতি ছাড়া ইসলাম, দেশ ও মানবতার মুক্তি নেই। দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গঠন করতে হলে সৎ যোগ্য ও আল্লাহভীরু লোককে ক্ষমতায় বসাতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগের উদ্যোগে ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে আগামী ১১ ডিসেম্বর শুক্রবার বেলা ২টায় সিলেট সিটি পয়েন্টে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফলের লক্ষ্যে সোমবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতী মোঃ ফখর উদ্দীনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সেক্রেটারী নাজির আহমদ, মহানগর সভাপতি মাওলানা আব্দুস শহিদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী লোকমান খান, শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি হাফিজ মাহমুদুল হাসান প্রমুখ। মহাসমাবেশ সফলের লক্ষ্যে প্রশাসন, সাংবাদিক সহ সিলেটের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.