Sylhet Today 24 PRINT

ডিবি পুলিশ পরিচয়ে ‘প্রতারণা’ করেন তিনি

নিজস্ব প্রতিবেদক: |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

নিজেকে পরিচয় দেন গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্মকর্তা হিসেবে। গ্রেপ্তারের ভয় দেখিয়ে হাতিয়ে নেন টাকাসহ মূল্যবান জিনিসপত্র। অনেক দিন থেকে মানুষের সাথে এই প্রতারণার কাজ করছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

তার নাম মো. শামীম মোল্লা (৪৫)। শামীম সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংপুর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে। তিনি টিলাগড় চামেলীবাগ এলাকার মো. হুরমত মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল শাহপরাণ (রঃ) থানার ইসলামপুর (মেজরটিলা) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসময় তার নিকট থেকে ১টি ওয়াকিটকি সেট, ন্যাশনাল ক্যাডেট কোর পরিচয়পত্র ১টি, বাংলাদেশ ব্যাংকের কার্ড ১টি, ইষ্ট্রার্ন ব্যাংক-এর এটিএম কার্ড ১টি, প্রাইম ব্যাংক-এর এটিএম কার্ড ১টি, স্বর্ণের কয়েন ১টি, স্বর্ণের নাকফুল ১টি, চাবি ১৬টি, ছুরি ৩টি ও রুপার লকেট ১টি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, শামীম ওয়াকিটকি সেট হাতে নিয়ে ও আইডি কার্ড প্রর্দশন করে নিজেকে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পরিচয় বিভিন্নজনকে ভয় দেখিয়ে অর্থসহ বিভিন্ন জিনিস আত্মসাত করতো। দীর্ঘদিন ধরেই তিনি সিলেটের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.