Sylhet Today 24 PRINT

পৌর নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্য ‘সিম্পলি ননসেন্স’: মুহিত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

পৌর নির্বাচনে আওয়ামী লীগ জোর করে জিততে চায় বিএনপির এমন মন্তব্যকে ‘সিম্পলি ননসেন্স’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বিকেলে সিলেট সদর উপজেলার মোল্লারগাও ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুহিত।

সদর উপজেলার মোল্লারগাও ইউনিয়নের ১৩ গ্রামের ২২ কিলোমিটার এলাকায় ২২ কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সংযোগ কাজের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

এসময় আবুল মাল আবদুল মুহিত বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত করা হবে। আর ২০১৮ সালের মধ্যে সিলেটের প্রতিটি গ্রামে বিদ্যুত পৌঁছবে।

বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড একে আবুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সতীশ চন্দ্র দে, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপক দিলীপ চন্দ্র সরকার প্রমুখ।

বিদ্যুৎসংযোগের উদ্বোধন শেষে পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে অর্থমন্ত্রী 'সিম্পলি ননসেন্স' বলে মন্তব্য করেন।

উল্লেখ‌্য, রবিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত বিভিন্ন কর্মকান্ড দেখে মনে হচ্ছে পৌরসভা নির্বাচনে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীরা এতে জোর করে জিততে চান। নির্বাচন কমিশনও স্বাধীন নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.