Sylhet Today 24 PRINT

ভারতে পালানোর সময় ‘শিশু ধর্ষণ’ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: |  ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ভারতে পালানোর সময় শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের শূন্যরেখার কাছ থেকে গতকাল শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মেরাজ মিয়া (১৯)। মেরাজ নরসিংদী জেলার বেলাব উপজেলার দেওয়ানের চর গাংকুলপাড়া গ্রামের বাসিন্দা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

র‍্যাব-৯–এর হবিগঞ্জ ক্যাম্প (সিপিসি-১) সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি নরসিংদীর বেলাব উপজেলার একটি বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে জানালা দিয়ে ঢুকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন মেরাজ মিয়া। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মেরাজ মিয়া পালিয়ে যান। এ ঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়।

র‌্যাব জানায়, মামলার পর মেরাজ মিয়া পালিয়ে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে অবস্থান নেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব তার অবস্থান নিশ্চিত হয়। পরে র‍্যাব স্থানীয় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের বাল্লা ক্যাম্পের সহায়তা নিয়ে শূন্যরেখার পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মেরাজ মিয়া ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে র‍্যাবের কাছে স্বীকার করেন

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামি বাল্লা সীমান্তের শূন্যরেখার পাশে অবস্থান নিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.