Sylhet Today 24 PRINT

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। কিন্তু এখন আর সে সুযোগ নেই। পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার সুযোগ নেই।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ক্যাথ ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোন নাম প্রস্তাব না করা প্রসঙ্গে এক প্রসঙ্গের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রকে সম্মান করি। আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। গণতন্ত্রকে পাকাপোক্ত করার জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি।

আর বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের   দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। জোর করে ক্ষমতা দখল করেছে। এরপর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার  মধ্যদিয়েই আসতে হবে। জনগণের কাছে যেতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।

দুপুরে নগরীর পাঠানটুলায় বেসরকারি হাসপাতাল ‘মাউন্ট এডোরা’য় হৃদরোগীদের উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে স্থাপিত ‘ক্যাথ ল্যাব’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারাদেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন।

করোনাকালীন মাউন্ট এডোরা হাসপাতাল কোভিড রোগীদের সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন মন্ত্রী। সিলেটের মানুষকে যাতে দেশের অন্য স্থানে বা দেশের বাইওে যেতে না হয় সেরকম মানসম্মত সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। মন্ত্রী ক্যাথল্যাব উদ্বোধনের পাশাপাশি হাসপাতালের মডিউলার অপারেশন থিয়েটার পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.