নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারী, ২০২২
সাংবাদিকেরাই দেশের বিরুদ্ধে 'লবিস্টের কাজ' করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়া বিদেশি রাষ্ট্রদূতদেরকে দেশের অভ্যন্তরীণ বিষয়ের জন্য জিজ্ঞেস করাকে 'দুঃখজনক' বলেও অভিহিত করেন তিনি।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আখালিয়ায় একটি বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এসময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, দেশের বিরুদ্ধে বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করা হচ্ছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ কি?
এমন প্রশ্নে কিছুটা রাগতস্বরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, 'আপনারাইতো (সাংবাদিকরা) লবিস্টের কাজ করতেছেন, ওদেরকে প্রমোট করতেছেন। দুনিয়ায় কোনো দেশের রেডিও টিভিতে তার দেশের কোথায় কি খারাপ ঘটনা ঘটলো, ঐটা নিয়ে এতো বকবক করে না। শুধু বাংলাদেশে আপনারা নিয়োজিত থাকেন। এটা খুব দুঃখজনক।'
নির্বাচন সুষ্ঠু না হলে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, সম্প্রতি যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের এমন মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ' আপনারা মিডিয়া এইগুলো এতো বড় করে দেখেন কেন? আপনাদের অ্যাম্বাসেডররা যারা বিদেশে আছেন, কিংবা প্রতিবেশী দেশসমূহের যে সমস্ত রাষ্ট্রদূতেরা যারা বিদেশে আছে- তাদেরে কখনো কোনো মিডিয়া জিজ্ঞেস করে এ সম্পর্কে? আপনারা সব সময় আগ বাড়িয়ে এসমস্ত জিজ্ঞেস করেন। আপনাদের এ অভ্যাস বন্ধ করা উচিত।'
এসময় বিএনপির অবস্থান নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। কিন্তু এখন আর সে সুযোগ নেই। পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার সুযোগ নেই।