Sylhet Today 24 PRINT

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজার জেলায় শীতের দাপট কমছে না। বসন্তের শুরুতে আবারও জেঁকে বসেছে শীত। কয়েক দিন কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের প্রযুক্তি সহায়তায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের পরই ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুরের তেঁতুলিয়া। ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রামের সীতাকুণ্ড রয়েছে। আর সিলেটে বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হিমেল হাওয়ার কারণে সকাল এবং সন্ধ্যার পর বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন চা শ্রমিকসহ ছিন্নমূল শীতার্ত মানুষেরা। শীতের কারণে বস্তিবাসী, চা বাগান, বোরো চাষি, হাওর পাড়ের ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.