Sylhet Today 24 PRINT

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন ফারুক মিয়া (৬০) নামের এক ভ্যানচালক। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের জালালাবাদ থানার শাহ খুররম ডিগ্রি কলেজের সামনে বাদাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এসএমপি অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়া তার ভ্যানগাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বাদাঘাট সড়কের শাহ খুরম ডিগ্রি কলেজের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় ফারুক মিয়া গুরুতর আহত হন।

আরও বলা হয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ফারুককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.