তাহিরপুর প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারী, ২০২২
হাওরবেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। কিন্তু শিক্ষার্থীদের মনে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদের প্রতি ভালবাসার কোনো কমতি নেই। শহীদ মিনার না থাকায় ভালবাসা ও সম্মান দিতে কলাগাছ দিয়ে তৈরি করেছে শিশু শিক্ষার্থীরা।
জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮-১০ জন শিক্ষার্থীরা শহীদ মিনার তৈরি করে। পরে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ।
বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রুহুল আমিন রাহুল, ঝুমা আক্তার জানায়, বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় প্রতি বছরেই ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আমরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করি। এবার সকল শিক্ষার্থীরা মিলে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হলে ভাল হয়। তার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে দাবি জানায় তারা।
সহকারী শিক্ষক মো. সুজন মিয়া জানান, স্কুলের শিক্ষার্থীরা রোববার বিকেল থেকে নিজেদের উদ্যোগে স্কুলের সম্মুখে নিজেদের মত করেই কলাগাছ ও বেঞ্চ দিয়ে শহীদ মিনার তৈরি করে। শহীদ মিনারসহ চারপাশ সজ্জিত করে। আর স্কুলে প্রতি বছরেই অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে শহীদ দিবস পালন করে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার নিটন জানান, প্রতিটি বিদ্যালয়েই শহীদ মিনার তৈরি করা খুবই প্রয়োজন। না থাকায় শিক্ষার্থীরা ফুল দিয়ে শহীদের প্রতি সম্মান জানাতে পারে না। আমার স্কুলের শিক্ষার্থীরা নিজেরাই কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে একুশে ফেব্রুয়ারি পালন করেছে। আমরা স্থানীয়ভাবে স্কুলে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা করছি।