নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর, ২০১৫
এক সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন,‘‘বেতন কাঠামো কার্যকরের আদেশ আইনমন্ত্রনালয়ে অপেক্ষমাণ রয়েছে। আজকালের মধ্যে তা অর্থমন্ত্রনালয় আসবে। এর পরই আদেশ জারি হবে।’’
অর্থমন্ত্রী বলেন, এবারই শেষ পে-স্কেল, পরবর্তীতে নতুন করে কোন পে-স্কেল গঠন করা হবে না। মন্ত্রী আরও বলেন, বেতন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো পরবর্তী পাঁচ বছর অন্তর অন্তর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ার একটি নির্দেশনা থাকবে।
আগামী বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি হতে পারে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন,‘‘চলতি বাজেটে জ্বালানী, বিদ্যুৎ ও পরিবহণ খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা, স্যানিটেশন,শিক্ষা ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেয়া হবে।’’
অর্থমন্ত্রী বলেন, দুই টার্ম সরকার কাজ করার সুযোগ পাওয়ায় কার্যক্রম শক্তিশালী হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বিনিয়োগ বেড়েছে,রাজস্ব বেড়েছে। তাই সরকারের বাজেটের আকারও বাড়ছে।
বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।’’
সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি,আর্থসামাজিক,অবকাঠামো,বিদ্যুৎ সবখাতেই উন্নয়ন হয়েছে। সরকারের সুযোগ্য নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুই ধাপে ক্ষমতায় থাকার ফলে দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম অনেক শক্তিশালী হয়েছে। দেশ এখন উন্নয়নের তরীতে যাত্রা করছে।
এসময় উপস্থিত ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আবদুল মুমিন,সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিুকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী প্রমুখ।