Sylhet Today 24 PRINT

সামাদ-রায়হানের নেতৃত্বে ছাত্রলীগের সশস্ত্র মহড়া

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ডিসেম্বর, ২০১৫

কমিটি নিয়ে চলমান বিরোধের মধ্যেই নগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা নগরীতে অস্ত্রশস্ত্রসহ মিছিল করে। এসময় নগরীতে আতঙ্ক দেখা দেয়।

জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় দায়িত্বপ্রাপ্ত নেতারা মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে শহীদ মিনার থেকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুটি পৃথক মিছিল বের করা হয়। দুটি মিছিলে উপস্থিত নেতাকর্মীদের অনেককেই ধারালো অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। দা- রামাদাসহ বিভিন্ন অস্ত্রসমেত ছাত্রলীগের দুটি মিছিলকে কেন্দ্র করে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই এ নিয়ে ছাত্রলীগের মধ্যে বিরোধ দেখা দেয়। কমিটিতে অছাত্র-বিবাহিত ও শিবির ফেরত অনেকে স্থান পেয়েছে বলে অভিযোগ ওঠে। কমিটি প্রত্যাখান করে সোমবার নগরীতে ঝাড়ু মিছিলও করে একপক্ষ।

এদিকে, কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় আজ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের একাংশ এবং তাদের অনুসারীরা হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ার করেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র দেখা যায়।

অপরদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে টিলাগড়ে আরেকটি মিছিল হয়েছে। ওই মিছিলে নেতাকর্মীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.