সিলেটটুডে ডেস্ক: | ২৩ ফেব্রুয়ারী, ২০২২
সিলেট নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৬ ফেব্রæয়ারি শনিবার দিনব্যাপী সিলেট বইমেলা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে আয়োজিত এ মেলায় ঢাকা ও সিলেটের ১৭টি প্রকাশনাসংস্থা অংশ নেবে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতি বছর পক্ষকালব্যাপী এ বইমেলা হলেও করোনাপরিস্থিতি বিবেচনায় এবারও দিনব্যাপী বইমেলা হবে। তবে আগামী বছর থেকে যথারীতি পক্ষকালব্যাপী বইমেলা হবে। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত প্রখ্যাত গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা কাওসার আহমেদ চৌধুরীকে।
বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো হচ্ছে প্রথমা, কথাপ্রকাশ, অন্বেষা প্রকাশন, উৎস প্রকাশন, চৈতন্য, নাগরী, বাবুই, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অভ্র প্রকাশন, বুনন প্রকাশন, মাছরাঙা প্রকাশন, নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স, জসিম বুক হাউস ও নিধি প্রকাশনী। মেলা আয়োজনে সহযোগিতায় রয়েছে সিলেট সিটি করপোরেশন।
দিনব্যাপী আয়োজনে বইমেলার মূলমঞ্চে থাকবে সাহিত্যিক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এ আয়োজনে পাঠক, লেখক ও আগ্রহীদের উপস্থিত হওয়ার জন্য আয়োজকদের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।