Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বালিশিরা দিবস উপলক্ষে আলোচনা সভা

কমলগঞ্জ প্রতিনিধি: |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ঐতিহাসিক বালিশিরা দিবসের ৫৯ তম বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কমলগঞ্জের শমসেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক অবনী শর্ম্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন।

ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির সদস্য প্রবীণ কৃষকনেতা নাইওয় মিয়া, চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক শ্যামল অলমিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কমলগঞ্জ উপজেলা কমিটির নেতা মৃগেন চক্রবর্তী, শ্রমিক নেতা রজত বিশ্বাস ও নারায়ন নাইড় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল উপজেলার বালিশিরার কৃষকরা পাহাড়ে অধিকার রক্ষার দাবিতে ১৯৬৩ সালের ১৯ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে বাড়ি ফেরার পথে কালিঘাট চা বাগানের সামনে ‘টি ডেভেলাপমেন্ট কমিটির’ মদদে পুলিশ অতর্কিত গুলিবর্ষণ করলে টগবগে যুবক ছালিক ও বৃদ্ধ গণু মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহতদের লাশও পুলিশ গুম করে ফেলে, শুরু হয় সমস্ত এলাকায় ব্যাপক পুলিশী নির্যাতন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ১৯৬৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিববাড়ি মাঠের এক জনসভায় গণু মিয়া ও ছালিককে শহীদ হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ একবছর বালিশিরা পাহাড়ে কৃষকদের আন্দোলন চলে।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, দেশে গৃহহীন, ভূমিহীন ও গরীব কৃষকের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলছে আর অন্যদিকে লুটেরা শ্রেণির সম্পদ ফুলে-ফেপে উঠছে। সার, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের মাত্রাতিরিক্ত মূল্যের কারণে কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু বর্তমান দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন আজ বিপর্যস্ত। তার উপর সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা এবং সিলিন্ডার গ্যাসের মূল্য ৬২ টাকা বৃদ্ধি করে এখন সর্বক্ষেত্রে গ্যাসের মূল্য দ্বিগুণ বৃদ্ধির পাঁয়তারা করছে যা আগামী মার্চে গণশুনানির নামে নাটক করে চুড়ান্ত করবে। গ্যাসের মূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় বিদ্যুতের মূল্য বৃদ্ধিরও পাঁয়তারা চলছে। গাড়িভাড়া, লঞ্চভাড়া, বাড়িভাড়া, ঔষুধপত্র, চিকিৎসা ব্যয়ের ধারাবাহিক মূল্য বৃদ্ধিতে জনসাধারণের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। সরকার “উন্নয়নের জোয়ারের” কথা বললেও কৃষকের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরণ, গরীব কৃষকদের সারা বছর কাজ, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রবের দাম কমানো, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, নদ-নদী, খাল-বিল খনন, ভেজাল সার ও বীজ বিক্রি বন্ধ, সর্বস্তরে সল্পমূল্যে রেশনিং চালুসহ ৭ দফা দাবিতে আন্দোলন সংগ্রাম করে চলছে। বালিশিরা আন্দোলনের ঐতিহাসিক শিক্ষা সংগঠিত আন্দোলন ছাড়া বিজয় অর্জন করা যায় না। কৃষকদের স্বার্থে আদর্শ ভিত্তিক সংগঠন গড়ে তুলে পরিকল্পিত আন্দোলন সংগ্রামের পথে অগ্রসর হয়ে বিজয় অর্জন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.