Sylhet Today 24 PRINT

খুলে দেয়া হলো শাবি শিক্ষার্থীদের বন্ধ অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বন্ধ বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে। বুধবার রাতে এসব অ্যাকাউন্ট খুলে দেয়া হয়।

এ তথ্য জানিয়ে শাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র শাহরিয়ার আবেদিন বলেন, ‘প্রায় এক মাস বন্ধ রাখার পর অ্যাকাউন্টগুলো খুলে দেয়া হয়েছে। আন্দোলন চলাকালে অর্থসহায়তা আসা প্রায় আড়াই শ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছিল।’

গত ১৬ জানুয়ারি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সহায়তায় সে সময় তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা।

গত ২৪ জানুয়ারি শিক্ষার্থীরা অভিযোগ করেন, অর্থসহায়তা আসা তাদের বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি ক্যাম্পাসে এলে বন্ধ থাকা এই অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীও তাদের এ দাবি পূরণ করার আশ্বাস দেন।

তবে অ্যাকাউন্ট বন্ধ বা চালুর ব্যাপারে প্রশাসন বা মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.