Sylhet Today 24 PRINT

দিরাইয়ে চিকিৎসক ও নার্স সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই |  ২৬ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ লোকবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলা ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার বিপুল সংখ্যক লোক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা বলছেন, এ সংকট সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হচ্ছে। কিন্তু কোনও পদক্ষেপ না নেওয়ায় বিষয়টির সুরাহা মিলছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত হলেও ৩০ শয্যার জনবলও সেখানে নেই। ৫০ শয্যা হাসপাতালের জন্য চিকিৎসকের ২১টি পদের মধ্যে আছেন মাত্র ৪ জন। রোগীদের চিকিৎসা দিচ্ছেন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা।

এছাড়া, নার্সের ২৪টি পদের বিপরীতে আছেন ১৪জন । তাদের মধ্যে ১০ জন নার্স অতি সম্প্রতি যোগদান করেছেন। ল্যাব টেকনোলজিস্ট পদে ২টি পদই শূন্য। ফার্মাসিস্ট এর ২টি পদেও কোন লোক নেই। স্টোরকিপার পদে লোক নেই। সুইপারের ৫টি পদের মধ্যে আছেন ২ জন এবং অফিস সহকারীর ২টি পদই শূন্য রয়েছে।

স্থানীয়রা জানান, জরুরী বিভাগে সব সময় চিকিৎসক থাকার নিয়ম থাকলেও জরুরী বিভাগে চিকিৎসক পাওয়া যায় না। রোগীদের চিকিৎসা দেন কমিউনিটি উপ-সহকারী মেডিকেল অফিসার ও ডিপ্লোমা ইন্টার্র্নি চিকিৎসকরা। কোন রোগী চিকিৎসকের খোঁজ করলে তখন ফোন করে মেডিকেল অফিসারকে ডেকে আনা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। অসচ্ছল ও দরিদ্র রোগীরা বেশি ভোগান্তির শিকার হন বলে অভিযোগ করেন তারা। ওয়ার্ডবয়, সুইপার ও ক্লিনারদের দিয়ে চিকিৎসা সেবা চালানো হয় বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগীরা জানান, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করতে হয়। হাসপাতালে একটি ডিজিটাল এক্সরে মেশিন থাকলেও কোনদিন তারা সেবা পাননি। এছাড়া, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন এবং দু’একটি ঔষধ বাদে সব বাইরে থেকে আনতে হয় বলে অভিযোগ তাদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি রানী তালুকদার চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, অধিকাংশ পদই শূন্য রয়েছে। লোকবল না থাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাধীন কুমার দাস বলেন, ‘চিকিৎসক সংকটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কোনও সমাধান হচ্ছে না। এতো স্বল্প সংখ্যক লোকবল দিয়ে ৫০ শয্যার একটি হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.