Sylhet Today 24 PRINT

উজির মিয়ার মৃত্যু: এসআই দেবাশীষ ক্লোজড

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘পুলিশি নির্যাতনে’ উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই দেবাশীষ সূত্রধরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ।

তিনি বলেন, এসআই দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করা হয়েছে এবং তাকে দ্রুত পুলিশ লাইনে এসে যুক্ত হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তাকে মূলত উজির মিয়া মৃত্যুর ঘটনায় কারণে ক্লোজড করা হয়েছে।

এর আগে গেল বুধবার ওই এসআই দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়। উজির মিয়ার মৃত্যুর পর থেকেই তাকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ ওঠে এস আই দেবাশীষের বিরুদ্ধে।

প্রসঙ্গত,  গত ৯ ফেব্রুয়ারি উজিরকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। উজির মিয়াকে গ্রেপ্তারের সময় এসআই দেবাশীষ সূত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। গ্রেফতারের সময় এসআই দেবাশীষ উজির মিয়ার মাথায় আঘাত করেন বলেও অভিযোগ আনা হয়েছে। ২১ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.