Sylhet Today 24 PRINT

উজির মিয়ার মৃত্যু: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘পুলিশ নির্যাতনে’ উজির মিয়ার ব্যক্তির মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের ভাই ডালিম মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে এই মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে শান্তিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর ও উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিনকে।

জানা গেছে, চুরির মামলার সন্দেহজনক আসামি হিসেবে গত ৯ ফেব্রুয়ারি রাতে উজির মিয়াকে বাড়ি থেকে গ্রেপ্তার করে শাচুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে শান্তিগঞ্জ থানা পুলিশ। সময় এসআই দেবাশীষ সূত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন উজির। ২১ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন বিকালে পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্বজনসহ এলাকাবাসী। পরে প্রশাসনের সুবিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে।

এদিকে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এসআই দেবাশীষ শান্তিগঞ্জ থানা থেকে বদলি হয়ে গত বুধবার দিরাইয়ে এসেছিলেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) আবার সুনামগঞ্জে চলে গেছেন।

ডালিম মিয়া বলেন, আমার নির্দোষ ভাইকে চোর অপবাদ দিয়ে পুলিশ নির্যাতন করেছে। আজ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আশা করি ন্যায়বিচার পাবো।

বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রবিউল লেইছ রোকেস বলেন, উজির মিয়ার ভাই বাদী হয়ে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। আমরা আদালতের কাছে মামলা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও পিবিআইয়ের তদন্ত দাবি করেছি। মামলা গ্রহণ করে আদালত এখনও আদেশ দেয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.