Sylhet Today 24 PRINT

‘হি ইজ মাই ব্রাদার, আপনাদের সঙ্গে কাজ করতে চায়’

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৫

সংবাদ সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিলো নিজের ভাইকে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। অথচ সেটাই ভুলে গিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নানা কথাবার্তা শেষে যখন সংবাদ সম্মেলন শেষ করে উঠতে যাচ্ছিলেন তখনই পেছন থেকে দলীয় কয়েকজন নেতা মনে করিয়ে দিলেন পরিচয় পর্বের কথা।

তখনই পরিচয় করিয়ে দেওয়ার কথা মনে পড়লো মুহিত। ওহ্, ভুলে গিয়েছিলাম বলে শুরু করলেন,- 'আমি পরিচয় করিয়ে দেই, হি ইজ মাই ইয়ংগার ব্রাদার। দীর্ঘদিন বিদেশে ছিলো। এখন দেশে এসেছে। আপনাদের সাথে কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়।'- বললেন মুহিত।

মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে এভাবেই নিজের অনুজ একে আবদুল মোমেনকে পরিচয় করিয়ে দেন অর্থমন্ত্রী। মোমেন টানা ছয় বছর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানে দেশে ফিরে আসেন তিনি। শোনা যাচ্ছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে পারেন মোমেন।

সংবাদ সম্মেলনে মুহিত আরো বলেন, আমি যখন দেশে ফিরে আসি তখন সে দেশ ছেড়ে চলে যায়। সে শিক্ষকতার সাথে সম্পৃক্ত ছিলো। সবচেয়ে দীর্ঘ সময় জাতীসংঘে বাংলাদেশের প্রতিনিধি ছিলো। দেশের মানুষের সাথে কাজ করতে সে আবার দেশে ফিরে এসেছে।

সংবাদ সম্মেলনে ড. আবদুল মোমেন বলেন, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনাদের সহযোগীতা চাই।

এরআগে মঙ্গলবার দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামিলীগের কর্মিসভায় ড. মোমেনকে দলীয় নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন মুহিত। এসময় উপস্থিত নেতাকর্মীরা করতালি আর শ্লোগানের মাধ্যমে আবদুল মোমেনকে স্বাগত জানান।

ড. মোমেনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে মুহিত বলেন, ‘২০০০ সালে আমি যখন কাজকর্ম থেকে অবসরে যাওয়ার চিন্তা করছিলাম তখন আমার ছোট ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে কাজে লাগানোর পরামর্শ দেন। সেই থেকে আমি আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হই।’

অর্থমন্ত্রী এসময় আরো বলেন ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার চেয়ে তার সম্পর্ক তখন ভালো ছিল। প্রায় ৩৭/৩৮ বছর বিদেশে থেকে তিনি দেশের জন্য কাজ করেছেন। সর্বশেষ জাতিসংঘে বাংলাদেশ মিশনে ৬ বছর দায়িত্ব পালন করে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।’

ড. মোমেন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তিনি নিজ ইচ্ছায় জনগনের সেবা করতে দেশে ফিরেছেন। আজ আপনাদের সামনে আমি তাকে পরিচয় করিয়ে দিলাম। তাকে সার্বিক সহযোগীতা করার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.