Sylhet Today 24 PRINT

বাবিককাকস সিলেট বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২২

প্রধানমন্ত্রী কর্তৃক ২৪ জানুয়ারি ২০২১ তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবীতে বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এর ১৬-১৩ গ্রেডেরকর্মচারীগণ (১ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস প্রাঙ্গণে কর্মবিরতি ও সমাবেশ পালন করেন।

সারাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের ১৬-১৩ গ্রেডের কর্মচারীগণ মাঠ প্রশাসনে পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির  দাবীতে এ কর্মবিরতি পালন করা হয়।

বাবিককাকস, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে এবং দিলীপ কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুযোগ চন্দ্র চন্দ, মোহাম্মদ জয়নাল আবেদীন, সুখেন্দু শেখর শর্মা, মো: খুর্শেদ আলম, অরুন দাস, আবুল বাশার, অনন্ত বিজয় রায়, কামরুল হোসেন প্রমূখ।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর অনুমোদিত ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক দীর্ঘদিন পরেও বাস্তবায়িত না হওয়ার চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন যে, মাঠ প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (সাবেক তহশীলদার)গণকে ১৬ গ্রেড থেকে ১১ গ্রেডে এবং ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা (সাবেক সহকারী তহশীলদার)গণকে ১৭ গ্রেড থেকে ১২ গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু একই প্রশাসনে কর্মরত ১৬-১৩ গ্রেডভূক্ত অন্যান্য কর্মচারীদের বেতন স্কেল উন্নীত না করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বক্তারা মাঠ প্রশাসনে ভারসাম্য রক্ষার লক্ষ্যে দ্রুত বেতন স্কেল সমন্বয়সহ প্রধানমন্ত্রীর অনুমোদিত ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব বাস্তবায়নের দাবী জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.