Sylhet Today 24 PRINT

ছেলের রক্তাক্ত শরীর দেখে বাবার মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি: |  ০২ মার্চ, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছেলে কুতুব উদ্দিনের (৩৫) রক্তাক্ত শরীর দেখে বাবা নুর উদ্দিন (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

নিহত নুর উদ্দিন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিসাজুড়ি গ্রামের বাসিন্দা।

বুধবার (২ মার্চ) সকাল ১১টার সময় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিসাজুড়ি গ্রামের নুর উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন একই ইউনিয়নের বাদারঘর গ্রামের আসগর আলীর ছেলে মিষ্টার নুরের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে ঝগড়া হয়। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন নতুন বাজারে দেখা হওয়া মাত্রই মিষ্টার নুর-কুতুব উদ্দিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ খবর পেয়ে কুতুবের পিতা নুর উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ছেলের রক্তাক্ত শরীর দেখে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে স্থানীয়রা আহত কুতুব উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন স্বজনরা।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, শুনেছি ছেলের রক্তাক্ত শরীর দেখে নিহত নুর উদ্দিনের মৃত্যু হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.