সিলেটটুডে ডেস্ক | ০৯ ডিসেম্বর, ২০১৫
সুনামগঞ্জ আদালতে দৈনিক সিলেটের ডাকের সম্পাদকসহ ৩জনের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ছাতক প্রেসক্লাব ও দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার সুনামগঞ্জের আমল গ্রহণকারী (ছাতক-দোয়ারাবাজার জোন) এর বিচারক শ্যামকান্ত সিনহার আদালতে পিটিশন মামলা (নং-৩৫৫/১৫) দায়ের করেন। মামলায় দৈনিক সিলেটের ডাকের ছাতক প্রতিনিধি সৈয়দ হারুন অর রশিদ, সম্পাদক আবদুল হাই, প্রকাশক ও মুদ্রক রাগিব আলীকে আসামী করা হয়েছে। বিচারক অভিযোগটি তদন্ত করে রিপোর্ট প্রেরণের জন্যে ছাতক থানার ওসিকে নির্দেশ দেন।
জানা যায়, দৈনিক সিলেটের ডাকের গত ১০ সেপ্টেম্বর সংখ্যায় ‘ছাতকে শাহ আরেফিন মাজারের ভূমি দখলের প্রক্রিয়া চলছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের এক স্থানে লেখা হয়েছে ‘মাজারের নামে রেকর্ডভূক্ত ভূমি জেনে শুনে নিজেই ভূমির শ্রেণী পরিবর্তন ঘটিয়ে দলিল সম্পাদন করেন ভূমি খেকো চক্রের হোতা দলিল লিখক গিয়াস উদ্দিন।‘ আর ও একটি দলিলের কথা উল্লেখ করে লেখা হয়েছে, দলিলের দাতা সেজেছেন ফকিরটিলা গ্রামের শাহ সমুজ মিয়া এবং গ্রহীতা সাজানো হয়েছে মোতাওয়াল্লী, ফকির টিলা জামে মসজিদকে।
সংবাদে বাদীর বিরুদ্ধে আনিত এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বলে মামলায় বলা হয়। এসব মানহানিকর বক্তব্যের পর বাদী আসামীদের বিরুদ্ধে উকিল নোটিশ প্রদান করেন। এর প্রেক্ষিতে দৈনিক সিলেটের ডাকের ২৬ অক্টোবর সংখ্যায় প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ ছাপানো হয়।