Sylhet Today 24 PRINT

প্রশ্নপত্রে চা শ্রমিককে ‘কুলি’: প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ০৫ মার্চ, ২০২২

মৌলভীবাজারে জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব প্রশাসনের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন পত্রে চা শ্রমিক জনগোষ্ঠিকে ‘কুলি’ সম্বোধন করে প্রশ্নপত্র প্রণয়ন এর প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে  বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, মনু ও ধলাই ভ্যালীর সভাপতি ধনা বাউড়ি, সাধারণ সম্পাদক নির্মল পাইনকা, লংলা ভ্যালির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী, জুড়ি ভ্যালীর সভাপতি কমল চন্দ্র বুনার্জী, সহসভাপতি শ্রীমতি বাউড়ি প্রমুখ। এসময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭টি ভ্যালীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চা শ্রমিকরা খেয়ে না খেয়ে বাংলাদেশের চা শিল্পকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছেন, কিন্তু সরকারের কিছু কর্মকর্তা ইচ্ছেকৃতভাবে তাদের হেয় প্রতিপন্ন করে দেশে অবহেলিত করে রাখতে চায়। একটি সরকারি চাকুরির পরীক্ষার প্রশ্নপত্রে চা শ্রমিকদের কুলি বলে সম্মোধন করা দুঃখ ও হতাশা জনক।তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এবং এই প্রশ্নপত্র তৈরীর সাথে জাড়িতদের দ্রুত শাস্তির দাবীও জানিয়েছে তারা। যদি শাস্তি না হয় তাহলে সারাদেশের চা শ্রমিকরা একসাথে সব চা বাগানে কর্মবিরতীর ঘোষনা করার হুসিয়ারিও দেয় তারা।

উল্লেখ্য শুক্রবার মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব প্রশাসনের ‘ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্নপত্রের ৬নং প্রশ্নে বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করতে দেয়া জায়গায় দেখা যায় লিখা রয়েছে ‘শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। শ্রীমঙ্গলে ৯২টি চা বাগান রয়েছে। শ্রীমঙ্গলের চা খুবই উপাদেয়। কুলিরা হাত দিয়ে চা পাতা সংগ্রহ করে। প্রক্রিয়াজাত চা পাতা থেকে চা উৎপন্ন করা হয়।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.