বড়লেখা প্রতিনিধি: | ০৬ মার্চ, ২০২২
বড়লেখায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে সুবোধ চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে ৯ হাজার ৮৪২ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। সুবোধ দাস পৌর শহরের পানিদার এলাকার বাসিন্দা।
পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সুবোধ দাস বিয়ে বাড়ির আলোকসজ্জার জন্য স্ট্রীট লাইটের সুইচ থেকে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ৪ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধকল্পে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ‘অবৈধ বিদ্যুৎ’ ব্যবহারের প্রমাণ পায়। এরপর তাকে জরিমানা করা হয়। আগামী ১৫ মার্চের মধ্যে জরিমানার টাকা প্রদানের জন্য অভিযুক্ত ব্যক্তিকে চিঠি দেওয়া হয়েছে।
রোববার (৬ মার্চ) রাত ১০টায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. এমাজুদ্দিন সরদার জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধ বিদ্যুৎ ব্যবহারের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠাই। এই টিম সরেজমিনে দেখে সঠিক প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে কোনো অনিয়ম করা হয়নি।’