ছাতক প্রতিনিধি | ০৭ মার্চ, ২০২২
সুনামগঞ্জের ছাতকে নদীতে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নাহিদা বেগম ও সুমাইয়া বেগম ওই এলাকার নজরুল ইসলামের মেয়ে। দুই বোন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পরিবার জানিয়েছে, স্কুল ছুটি শেষে বাড়ি আসে দুই বোন। বই-খাতা রেখেই গোসল করতে নদীতে যায় তারা। দুই বোন সাঁতার না জানায় একজন অন্যজনকে জড়িয়ে ধরে নদীর পানিতে তলিয়ে যায়। পরে গ্রামবাসী তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, প্রথম শ্রেণির ছাত্রী নাহিদা ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।