Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ০৮ মার্চ, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন অনিয়মের দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের এক অভিযানে এই জরিমানা করা হয়।

এদিন বিকেলে সাড়ে ৪টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। র‌্যাব-৯ এর একটি দল অভিযানে সহযোগিতা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোজ্যতেল ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চতকরণে ও বাজারে তেলের কৃত্রিম সংকট নিরসনে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে মঙ্গলবার বড়লেখা উপজেলার রতুলী বাজার, মৌলভীবাজার রোড ও পৌর শহরের উত্তর বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ভোজ্যতেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এসময় অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রয় করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা, পাইকারি ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচার প্রদান না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পাইকারী ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের কাছে ভোজ্যতেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এই অপরাধে উপজেলার রতুলী বাজারের কাওসার ভেরাইটিজ স্টোরকে ২০ হাজার টাকা, জননী স্টোরকে ২০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা, পৌর শহরের উত্তর বাজারের হক ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স মুজিব এন্ড ব্রাদার্সকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.